• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পৌরসেবার দাবিতে যশোরে ব্যতিক্রমী প্রতিবাদ: মোড়ে মোড়ে টাঙানো ব্যানার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক, যশোর:
"হ্যালো, আমি ভাঙাচোরা রাস্তা, লাইট, ড্রেন ও ডাস্টবিনবিহীন ১ নম্বর ওয়ার্ডের সিটি কলেজপাড়াবাসী বলছি।"—দীর্ঘদিনের নাগালহীন নাগরিক দুর্ভোগ আর কর্তৃপক্ষের উদাসীনতার প্রতিবাদে এভাবেই ব্যানার টাঙিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যশোরের স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে যশোর শহরের ১ নম্বর ওয়ার্ডের সিটি কলেজপাড়া এলাকায় ঘুরে বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ভুক্তভোগী জনগণের পক্ষে টাঙানো এমন একাধিক ব্যানার দেখা যায়।

ব্যানারগুলোতে আরও লেখা রয়েছে, "আমরা পৌরকর, ভ্যাট সবই পরিশোধ করি; তবে কেন পৌরসেবা থেকে বঞ্চিত? আমরা ভোটও প্রদান করি, তাহলে কেন আমরা অবহেলিত?"


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই পুরো সিটি কলেজপাড়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। অধিকাংশ সড়কই ভাঙাচোরা ও কাঁচা ইটের সলিং উঁচু-নিচু হয়ে চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এছাড়া পর্যাপ্ত সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা, যার সুযোগ নেয় অপরাধীরা। একই সাথে নির্দিষ্ট ডাস্টবিন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্জ্য অপসারণ ও পানি নিষ্কাশনে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

এলাকাবাসী জানান, নিয়মিত পৌরকর ও অন্যান্য ভ্যাট প্রদান করার পরও বছরের পর বছর তারা মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ইতিপূর্বে বারবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান মেলেনি। তাই এবার বাধ্য হয়ে নিজেদের ক্ষোভ ও দাবির কথা তুলে ধরতে এই ব্যতিক্রমী ব্যানার প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা।


দ্রুততম সময়ের মধ্যে সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় সড়কবাতি স্থাপন এবং নির্ধারিত ডাস্টবিন চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সিটি কলেজপাড়ার বাসিন্দারা।