নিজস্ব প্রতিবেদক:
কৃষি উৎপাদন খরচ কমানো, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) যশোর শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল ও জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে কৃষকের সেচ খরচ ডিজেল বা সাধারণ বিদ্যুতের দামের ওপর নির্ভর করবে না। সূর্যের আলো ব্যবহার করে সেচ দিতে পারলে কৃষি উৎপাদন ব্যয় অনেকটাই কমে আসবে।
এছাড়া, সরকারি দপ্তরের ছাদে দ্রুত সোলার প্যানেল বসানোর তাগিদ দিয়ে তিনি জানান, সমন্বিত উদ্যোগ নিলে আগামী ডিসেম্বরের মধ্যে খুলনা বিভাগের সরকারি দপ্তরগুলোতে রুফটপ সোলার স্থাপন কার্যক্রম অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিআইজেড (GIZ) বাংলাদেশের এনার্জি ক্লাস্টার সমন্বয়ক স্টয়াঙ্কা স্টিচ ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমেদ। কর্মশালায় ২০৩০ সালের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা, নেট মিটারিং নির্দেশিকা ও অর্থায়ন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :