পালবাড়ী মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে শাহ সুইটসকে জরিমানা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১১
নিজস্ব প্রতিবেদক:
মিষ্টির মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং ওজন ও পরিমাপে অনিয়ম করার অপরাধে যশোর শহরের পালবাড়ী মোড়ে অবস্থিত ‘শাহ সুইটস’ নামের মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিম বিনতে মুস্তাফিজ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক মো. সাব্বির আহমেদ।
অভিযান সূত্রে জানা যায়, মিষ্টির বাক্সে বা প্যাকেটে বাধ্যতামূলকভাবে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের সময় এবং সঠিক ওজন উল্লেখ করার নিয়ম থাকলেও ওই প্রতিষ্ঠান তা মানছিল না। ক্রেতাদের সঠিক তথ্য জানার অধিকারের বিষয়টি তুলে ধরে ভ্রাম্যমাণ আদালত থেকে ব্যবসায়ীদের এ বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে আইন মেনে ব্যবসা পরিচালনা করার এবং পণ্যের ওজন ও পরিমাপের সঠিক মানদণ্ড বজায় রাখার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :