যশোর মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯
নিজস্ব প্রতিবেদক:
যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রতিষ্ঠানের নিজস্ব আঙিনায় এক আনন্দঘন অনুষ্ঠানে এই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২৪ জন এবং প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৯ জন—মোট ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে এই সম্মাননা জানানো হয়।
প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফারজানা করিম, সহকারী শিক্ষক বীথিকা দে, মিজানুর রহমান, জগদীশ দাশ ও আব্দুর রহিম প্রমুখ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষিকা আসমানা রলি।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং আগামী দিনে তাদের আরও কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। কৃতি শিক্ষার্থীদের এমন অর্জনে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি পুরো শিক্ষাঙ্গনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :