চৌগাছায় মোটরসাইকেল সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৩
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫০
চৌগাছা প্রতিনিধি :
যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতারের আগ মুহুর্তে যশোর-চৌগাছা সড়কের চাঁন্দাআফরা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতের চাচাশ্বশুর চৌগাছা পৌরসভার কর্মকর্তা শাহিনুর রহমান জানান, তার ভাতিজি জামাই হুমায়ুন কবির যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি উপজেলার বাড়িয়ালী গ্রামে। চৌগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের ব্র্যাক অফিসপাড়ায় বাড়ি রয়েছে।
হুমায়ুন শনিবার বিকেলে ছুটি নিয়ে (পাসআউট) নিজের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে করে চৌগাছার বাড়িতে আসছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে চৌগাছার দিক থেকে যশোরের দিকে যাওয়া একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে হুমায়ুনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
অন্য মোটরসাইকেলে থাকা যশোর সদর উপজেলার ভেকুটিয়ার হাসান (৪০) ও রাহুল (২০) এবং রঘুনাথপুরের তুহিন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেনাসদস্য হুমায়ুন কবির রিপনের মৃত্যু সংবাদ পেয়ে যশোর ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা এসে ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ক্যান্টনমেন্টের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ নিয়ে গেছেন।
আপনার মতামত লিখুন :