শার্শায় পিআইওর অপসারণ দাবিতে মানববন্ধন, তদন্তের আশ্বাস ইউএনওর
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬, ৬:০৩
স্টাফ রিপোর্টার :
যশোরের শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর অপসারণ ও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শার্শা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আসা শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা অভিযুক্ত কর্মকর্তার অপসারণ এবং দুর্নীতির তদন্তের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ডিহি ইউনিয়নের চ্যাংরালী সড়ক নির্মাণকাজে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে। এ ছাড়া জনপ্রতিনিধিদের ভয়ভীতি দেখিয়ে বা প্রলোভন দিয়ে ভুয়া ভাউচারে স্বাক্ষর নিয়ে অর্থ উত্তোলন, নিজামপুর ইউনিয়নের চান্দুরিয়া এলাকায় আংশিক কাজ করে পুরো বিল উত্তোলন এবং সরকারি বিধি লঙ্ঘন করে একই ব্যক্তিকে একাধিক প্রকল্পের কাজ দেওয়ার অভিযোগ তোলেন তারা। বক্তাদের দাবি, এসব অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও প্রভাব খাটিয়ে তা ধামাচাপা দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু। তিনি বলেন, দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে পিআইও একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন এবং টেন্ডার প্রক্রিয়া প্রভাবিত করে পছন্দের ব্যক্তিদের কাজ পাইয়ে দিচ্ছেন।
কর্মসূচি শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের কাছে একটি লিখিত স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে অভিযুক্ত কর্মকর্তাকে দ্রুত দায়িত্ব থেকে প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়। দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়।
স্মারকলিপি গ্রহণ করে ইউএনও ফজলে ওয়াহিদ সাংবাদিকদের বলেন, পিআইওর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের খবর আগে থেকেই পাওয়া যাচ্ছিল। বিষয়টি ইতোমধ্যে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। প্রাপ্ত স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং জেলা প্রশাসক ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন হতে পারে বলেও তিনি জানান।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা মানববন্ধনের কারণে বেনাপোল-যশোর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় শার্শা থানা পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করে। স্থানীয় সংবাদকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং উন্নয়নের স্বার্থে স্বচ্ছ তদন্তের দাবি জানান।
আপনার মতামত লিখুন :