শার্শায় পৃথক অভিযান: ৯৯ বোতল কাফ সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬, ১৩:২৯
নিজস্ব প্রতিবেদক, শার্শা (যশোর):
যশোরের শার্শা থানা পুলিশের পৃথক দুটি সফল অভিযানে ৯৯ বোতল মাদকদ্রব্য (কাফ সিরাপ) ও ৫১ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ নভেম্বর রাতে উপজেলার পশ্চিমকোটা ও শিকারপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে রবিবার (১৫ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে শার্শা থানার এসআই (নিঃ) শেখ আল আমিনের নেতৃত্বে একটি চৌকস টিম গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা (মাঝেরপাড়া) গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের মো. শাহজাহান সরদারের বসতঘরের উত্তর পাশের শয়নকক্ষের সামনে থেকে মো. ফয়সাল আহম্মেদ ইমন (২২) নামের এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে আসামির শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৯ বোতল ‘WINCEREX cough syrup’ এবং ২০ বোতল ‘ESKUF cough syrup’—সর্বমোট ৯৯ বোতল বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ফয়সাল ওই এলাকার মো. শাহজাহান সরদারের ছেলে।
এদিকে দ্বিতীয় অভিযানে শার্শা থানার এসআই (নিঃ) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে আরেকটি টিম একই দিন রাত পৌনে ১২টার দিকে শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। শিকারপুর বাজার বটতলা থেকে নারিকেলবাড়ীয়গামী পাকা রাস্তার ওপর জনৈক আলার চা-এর দোকানের সামনে থেকে স্থানীয় জনগণের সহায়তায় মো. শিপন মোড়ল (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৫১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শিপন মোড়ল শিকারপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের ঘটনায় শার্শা থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :