• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অনিয়মের অভিযোগে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১০ অগাস্ট ২০২৬, ১১:৫২
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগরে নানা অনিয়মের অভিযোগে একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপুর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সবুজ বিশ্বাসসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আব্দুল মকিত বিশ্বাস (প্রাঃ) ক্লিনিককে এক লাখ টাকা, ফয়সাল ডায়াগনস্টিককে ১৫ হাজার, এবি ডয়াগনস্টিক অ্যাণ্ড কনসালটেশন সেন্টারকে ১৫ হাজার এবং পপুলার মেডিক্যাল অ্যাণ্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, বিভিন্ন অনিয়মসহ অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় সরকারি হাসপাতাল এলাকায় আব্দুল মকিত বিশ্বাস (প্রাঃ) ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। লাইসেন্সের মেয়াদ না থাকায় একই এলাকার ফয়সাল ডায়াগনস্টিক এবং এবি ডয়াগনস্টিক অ্যাণ্ড কনসালটেশন সেন্টারকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স দেখাতে না পারা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে পপুলার মেডিক্যাল অ্যাণ্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অনিয়ম ও লাইসেন্স সমস্যার কারণে একটি প্রাইভেট ক্লিনিক এবং ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’