যশোরে ওয়ান শুটারগান ও কার্তুজসহ অস্ত্রধারী গ্রেফতার: এসআরবি-৬ এর অভিযান
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫
স্টাফ রিপোর্টার :
যশোরের ঝিকরগাছা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজসহ মো. রাকিব হোসেন (৩৫) নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প। রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঝিকরগাছা থানাধীন নাভারন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত রাকিব হোসেন ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঝিকরগাছার নাভারন এলাকায় অবস্থিত আসামির নিজস্ব চা’য়ের দোকানে অভিযান চালায়। এ সময় তার দেওয়া তথ্য ও দেখানো মতে দোকান তল্লাশি করে একটি ওয়ান শুটারগান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :