নিজেস্ব প্রতিনিধি:
জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস তৈরির লক্ষ্যে যশোরে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন যশোর ও যশোর ইনস্টিটিউট এর উদ্যোগে ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।
বুধবার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বইমেলার বিস্তারিত তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন, ট্রেজারি অফিসার ও সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন।
আয়োজক সূত্র জানায়, আগামী ২২ মে শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান ও বই প্রদর্শনীর মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
মেলার দ্বিতীয় দিন ২৩ মে শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বই প্রদর্শনী ও কবিতা আবৃত্তির আয়োজন থাকবে। এছাড়া শেষ দিন ২৪ মে রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বই প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এ বইমেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল, নতুন বইয়ের সমাহার, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক আয়োজন থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাহিত্যিক, কবি, সংস্কৃতিকর্মী ও বইপ্রেমীদের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমরা নতুন প্রজন্মকে বইয়ের জগতে ফিরিয়ে আনতে চাই। এখানে বিভিন্ন সময়ে কবি-সাহিত্যিকদের লেখা তালপাতা ও কাঠে সংরক্ষণ করা আছে। যশোর একটি সংস্কৃতিমনা শহর এটাই তার বড় উদাহরণ।
তিনি আরও বলেন, মানুষের জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে বইমুখী করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, যশোর ইনস্টিটিউটের সহ-সভাপতি সানোয়ার আলম খান দুলু, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সৈয়দ শাহাজাহান আলী খোকন, নাট্যকলা সংসদ সম্পাদক আলমগীর হোসেন বাবু, সদস্য হাসিনুর রহমান রুবেল, মুস্তফিজুর রহমান কবীর ও আবুল কায়েস লেলিনসহ অন্যরা।
আয়োজকরা সকল বইপ্রেমী ও সচেতন নাগরিককে বইমেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :