• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় পুলিশের বিশেষ অভিযান: প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯
ছবির ক্যাপশন:

শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শায় গোপন আস্তানায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় উপজেলার বাগুড়ি গ্রামের মাস্টারপাড়ায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই (নিঃ) মোঃ মোস্তাক আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বাগুড়ি এলাকার মোঃ আক্কাস আলী মাস্টারের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে। বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার বালাকান্দা গ্রামের আয়ুব আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান (৫০), একই থানার পাঁচ কাহনিয়া গ্রামের মৃত আমীন উদ্দীন তরফদারের ছেলে মোঃ বকুল হোসেন (৫০) এবং যশোর জেলার শার্শা থানার রামপুর (গোলদারপাড়া) গ্রামের মৃত ছাফেদ আলী মন্ডলের ছেলে মোঃ রেজাউল হোসেন (৬০)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে:

নগদ ২,৭৬,০০০ (দুই লাখ ছিয়াত্তর হাজার) টাকা (১০০০ টাকার ২৭৬টি নোট)

প্রতারণার কাজে ব্যবহৃত কাচের টুকরা (১০০০ টাকার নোটের সাইজে কাটা ৮টি)

লাল সালু কাপড় ২টি ও লাল রঙের কাটিং সুতা ২ গোছা

৩টি পুরাতন ব্যবহৃত স্মার্টফোন এবং ১টি নীল রঙের হ্যান্ডব্যাগ।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে অলৌকিক কাণ্ড বা কৌশল হিসেবে কাচের টুকরা, লাল কাপড় ও সুতা ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিপুল অর্থ আত্মসাৎ করে আসছিল। তারা পুনরায় নতুন কোনো বড় ধরনের প্রতারণার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের শেষে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।