ঝিকরগাছায় ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬, ১১:৪২
স্টাফ রিপোর্টার :
যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামে ফুটবল খেলা দেখার সময় বাঁশি দেওয়া না-দেওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে তানভীর (১৬) নামের এক কিশোরকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত তানভীর বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা শওকত আলী বাদী হয়ে অভিযুক্ত হাসান আলীর (১৯) বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত হাসান আলী একই গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে বেনেয়ালী বাজারে আর্জেন্টিনার ফুটবল খেলা দেখতে যান তানভীর। খেলা চলাকালীন তানভীরের কাছে থাকা একটি বাঁশি চান হাসান আলী। তানভীর তা দিতে অস্বীকৃতি জানালে হাসান ক্ষিপ্ত হন এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি ও কটূক্তি করেন।
এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তানভীর বেনেয়ালী বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে অভিযুক্ত হাসান আলীর বাড়ির সামনে পৌঁছালে হাসান পেছন থেকে এসে আচমকা তানভীরের ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন।
একপর্যায়ে তানভীর মাটিতে পড়ে গেলে হাসান তাকে ধারালো বার্মিজ চাকু দিয়ে বুকে আঘাত করার চেষ্টা চালান। তানভীর আত্মরক্ষার্থে হাত দিয়ে সেই আঘাত ঠেকানোর চেষ্টা করলে চাকুর কোপ তার বাম কান ও মাথার পাশে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
তানভীরের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্ত হাসান আলী ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তানভীরকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :